প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর্মচারীদের বিরুদ্ধে

পটুয়াখালীর মহিপুরে বনবিভাগের দুই কর্মচারীর বিরুদ্ধে এক নারীকে মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ এপ্রিল মহিপুর থানার নজিবপুর গ্রামের ‘পাকার মাথা’ নামক স্থানে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— মহিপুর রেঞ্জ অফিসের বোটম্যান রাসেল এবং নার্সারি পরিচর্যাকারী হারুন।
ভুক্তভোগী সেলিনা বেগম জানান, বেশ কিছুদিন আগে তিনি বাড়ির চারপাশে বেড়া দেওয়ার জন্য ‘গোমা’ গাছের খুটা (কচা) ক্রয় করেছিলেন। গত ১০ এপ্রিল বিকেলে বনবিভাগের কর্মচারী হারুন ও রাসেল তার বাড়িতে গিয়ে দাবি করেন যে, ওই খুটাগুলো বন থেকে চুরি করা হয়েছে। তারা সেলিনাকে গ্রেফতার ও বন মামলায় জেলে পাঠানোর হুমকি দেন। একপর্যায়ে মামলা ও গ্রেফতারি এড়াতে সেলিনা বেগম তাদের দাবি অনুযায়ী টাকা দিতে বাধ্য হন। ভুক্তভোগী এই নারী বর্তমানে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বনবিভাগ কর্মচারী হারুন ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন, আমরা সেখানে গিয়েছিলাম। বোটম্যান রাসেল কিছুটা খারাপ আচরণ করেছিল, যার জন্য পরবর্তীতে সে ক্ষমাও চেয়েছে। তবে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।
অন্যদিকে, অভিযুক্ত বোটম্যান রাসেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এটি আমাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। বিষয়টি আমরা মিটমাট করে ফেলেছি এবং এর রেকর্ড আমাদের কাছে আছে।
এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনির খান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমেই তিনি প্রথম জানতে পেরেছেন। তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কুয়াকাটা আপডেট